সংকট সামলাতে গণপরিবহন ফ্রি করল পাকিস্তান

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি তেল সরবরাহ বিঘ্নের কারণে এবার বিনামূলে গণপরিবহন সুবিধার ঘোষণা দিয়েছে পাকিস্তান। সৃষ্ট জ্বালানি সংকট সামলাতে রাজধানী ইসলামাবাদে এই সুবিধা দেবে দেশটির ফেডারেল সরকার। শুক্রবার (৩ এপ্রিল) নিজের এক্স অ্যাকাউন্টে এই ঘোষণা দেন পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশনায় আগামীকাল শনিবার থেকে আগামী ৩০ দিনের জন্য ইসলামাবাদে সকল গণপরিবহন সাধারণ জনগণের জন্য বিনামূল্যে সেবা দেবে। এই জনকল্যাণমূলক উদ্যোগের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৫ কোটি রুপি ব্যয়ভার বহন করবে।
এদিকে সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে, প্রস্তাবিত পরিকল্পনার অংশ হিসেবে বাজার ও শপিংমল রাত সাড়ে ৯টায় বন্ধ করতে হবে। কমিউনিটি সেন্টারগুলোতে সর্বোচ্চ ২০০ জন অতিথি থাকতে পারবে, এক পদের খাবার পরিবেশন করা হবে এবং রাত ১০টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। এই বিধিনিষেধের উদ্দেশ্য হলো বড় জমায়েত নিয়ন্ত্রণ করা ও রাতে বিদ্যুৎ খরচ কমানো।
সরকারি অফিসগুলোতে চালু করা হবে হাইব্রিড কর্মপদ্ধতি। সরকারি দপ্তরে সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন সশরীরে অফিস, বাকি দুই দিন হোম অফিস করাতে হবে কর্মকর্তা-কর্মচারীদের। ছয় দিন খোলা পরিষেবা বিভাগগুলো চার দিন অফিসে, দুই দিন অনলাইনে কাজ করবে। উপস্থিতি ডিজিটালভাবে পর্যবেক্ষণ করা হবে, ৫০ শতাংশ রোটা পদ্ধতিও (শিফট সিস্টেম) কার্যকর করা হবে।
বেসরকারি অফিসগুলোর জন্যও একই ধরনের হোম বা রিমোট অফিসের ব্যবস্থা বিবেচনা করা হচ্ছে। এ ছাড়াও সরকারি যানবাহন ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করবে পাকিস্তান সরকার। নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে জ্বালানি বা যানবাহন বাজেয়াপ্ত করার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য সম্মিলিত পরিবহন ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে।

