অধিকৃত পশ্চিম তীরে সামরিক মহড়া শুরু ইসরায়েলের

ইহুদিদের নববর্ষের উৎসব রোশ হাশানাহ শুরু হওয়ার ঠিক আগে অধিকৃত পশ্চিম তীরে আকস্মিক সামরিক মহড়া শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আইডিএফ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোরে শুরু হওয়া এই মহড়ায় পশ্চিম তীরের অধিকাংশ এলাকার দায়িত্বে থাকা জুডিয়া অ্যান্ড সামারিয়া ডিভিশনের সব ইউনিটকে সক্রিয় করা হয়েছে। মহড়াটি বিকেল পর্যন্ত চলার কথা রয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, মহড়ার মূল উদ্দেশ্য হলো সেনাদের সতর্কতা ও অপারেশনাল প্রস্তুতির মাত্রা যাচাই করা। একই সঙ্গে আসন্ন ছুটির সময়কে সামনে রেখে বিভিন্ন আকস্মিক পরিস্থিতি মোকাবিলার অনুশীলনও করা হচ্ছে।
আইডিএফের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিচালিত ধারাবাহিক সামরিক মহড়ার অংশ হিসেবেই এই আকস্মিক মহড়া আয়োজন করা হয়েছে। এর মধ্যে রোববার ইসরায়েলি সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের সদর দপ্তরগুলোর সক্ষমতা ও প্রস্তুতিও পরীক্ষা করা হয়।
রোশ হাশানাহ ইহুদি ধর্মাবলম্বীদের নববর্ষের উৎসব এবং এটি ইহুদি ধর্মীয় বর্ষপঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ সময়। উৎসবকে কেন্দ্র করে পশ্চিম তীরসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে থাকে ইসরায়েলি বাহিনী।


