শ্রীলঙ্কা উপকূলে ডুবল ইরানি নৌবাহিনীর জাহাজ, নিখোঁজ ১০১

শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে আজ বুধবার (৪ মার্চ) একটি ইরানি যুদ্ধজাহাজে সাবমেরিন হামলায় অন্তত ১০১ জন নিখোঁজ এবং ৭৮ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। জাহাজটি থেকে বিপদ সংকেত পাওয়ার পর ইরানি নাবিকদের উদ্ধারের জন্য নৌ ও বিমানবাহিনীকে পাঠায় শ্রীলঙ্কা।
বুধবার (০৪ মার্চ) শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, আজ ভোরের দিকে ইরানি নৌবাহিনীর ‘আইআরআইএস ডেনা’ জাহাজটি থেকে একটি বিপদ সংকেত পান তারা। পরে জাহাজটি উদ্ধার অভিযানে শ্রীলঙ্কা নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি বিমান মোতায়েন করা হয়।
আলরজাজিরা ও রয়টার্স জানিয়েছে, জাহাজটিতে প্রায় ১৮০ জন ক্রু সদস্য ছিলেন। এখন শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে (যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার স্থানে) একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
ইরানি ফ্রিগেটটি গত মাসে পূর্ব ভারতের উপকূলীয় শহর বিশাখাপত্তনমে একটি আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনায় অংশ নিয়ে ফিরে আসছিল।
শ্রীলঙ্কার সরকারি সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কান নৌবাহিনী জাহাজটির বিপদে পড়ার তথ্য পেয়েছে। এরপর সরকার উদ্ধার অভিযানে জাহাজ এবং বিমান বাহিনীর বিমান পাঠিয়েছে।
শ্রীলঙ্কার নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, ইরানি যুদ্ধজাহাজটি যে এলাকায় ডুবে গেছে, সেখানে অন্য কোনো জাহাজ বা বিমান দেখা যায়নি।

