এক ভিসায় ভ্রমণ করা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ

শিগগিরই চালু হতে যাচ্ছে ইউরোপের শেনজেন ভিসার আদলে বহুল প্রতীক্ষিত উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সমন্বিত পর্যটন ভিসা। এই সমন্বিত ভিসা চালু হলে মাত্র একটি ভিসায় ভ্রমণ করা যাবে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই বলেছেন, ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসার’ মাধ্যমে পর্যটকরা একটি মাত্র ভিসায় ছয়টি উপসাগরীয় দেশেই ভ্রমণ করতে পারবেন। এই পদক্ষেপ শিগগিরই আলোর মুখ দেখবে।
তিনি জানান ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ নামে পরিচিত এই একটি মাত্র ভিসার মাধ্যমে বিদেশি পর্যটকরা সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান এবং কুয়েতে অবাধে ভ্রমণের সুবিধা পাবেন।
জিসিসি মহাসচিব আরও জানান, ২০২৩ সালের অক্টোবরে জিসিসি পর্যটন মন্ত্রীদের অনুমোদন ও পরে স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মতি পাওয়ার পর বর্তমানে এটি বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে উদ্বোধনের সুনির্দিষ্ট তারিখ, আবেদন প্রক্রিয়া, খরচ কিংবা ভিসার মেয়াদ সম্পর্কিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
গত ৬ সেপ্টেম্বর রিয়াদে অনুষ্ঠিত ‘সিকিউরিটি অ্যান্ড হিস্ট্রি ডায়ালগ ২০২৬’-এর বিশেষ অধিবেশনে ইউএই ও বাহরাইনের মধ্যকার ‘ওয়ান-পয়েন্ট এয়ার ট্র্যাভেলার্স’ প্রসঙ্গ তুলে ধরেন আলবুদাইউই।
চলতি বছরের ফেব্রুয়ারিতে আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ব্যবস্থার মাধ্যমে ই-গেট ও বায়োমেট্রিক যাচাইয়ের পর যাত্রীদের গন্তব্যে পৌঁছে পুনরায় কোনো ইমিগ্রেশন পার হতে হয় না।


