অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশসহ অন্যান্য দেশের অবৈধ অভিবাসীদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের আইন রয়েছে। সেই আইন অনুযায়ীই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (৫ জুন) দিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জয়সওয়াল বলেন, জাতীয়তা যাচাইয়ের জন্য বেশকিছু তালিকা বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে। আমরা আশা করি সেগুলো যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করা হবে, যাতে ভারতে অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের প্রত্যাবাসন সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পন্ন করা যায়।
বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সীমান্ত দিয়ে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারতে অবস্থানরত সব বিদেশি নাগরিকের ক্ষেত্রে, তারা বাংলাদেশি হোক বা অন্য যেকোনো দেশের নাগরিক হোক, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের আইন রয়েছে। সেই আইন অনুযায়ীই তাদের সঙ্গে আচরণ করা হবে।
তিনি বলেন, বাংলাদেশের কাছে পাঠানো অনেকের পরিচয় শনাক্তের বিষয়টি এখনো ঝুলে আছে। আমরা আশা করি বাংলাদেশ এই প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব ত্বরান্বিত করবে। যেন যারা ভারতে অবৈধভাবে বসবাস করছেন তাদের ফেরত পাঠানোর বিষয়টি সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়।
এর আগে মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, কোনও ব্যক্তি যদি প্রকৃতপক্ষে বাংলাদেশের নাগরিক হন এবং অন্য দেশে অবস্থান করেন, তাহলে সংশ্লিষ্ট দেশের কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে তালিকা পাঠিয়ে পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক ও আইনগত নিয়ম মেনে প্রত্যাবাসনের ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে এ ধরনের কোনও আনুষ্ঠানিক আবেদন সরকারের কাছে ঝুলে নেই বলেও জানান তিনি।


