logo
Advertisement

হামাসের নিরস্ত্রীকরণ চুক্তির পরপরই গাজায় ইসরায়েলি তাণ্ডব

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
হামাসের নিরস্ত্রীকরণ চুক্তির পরপরই গাজায় ইসরায়েলি তাণ্ডব
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি: সংগৃহীত

যুগান্তকারী নিরস্ত্রীকরণ চুক্তিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস স্বাক্ষরের মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

শুক্রবার (৩১ জুলাই) সকালে চালানো এই হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি বেসামরিক নাগরিক গুরুতর আহত হয়েছেন। গাজার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা ও হামাসের নিরস্ত্রীকরণ নিশ্চিতসংক্রান্ত এক চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন।

কাতার, তুরস্ক ও মিশরের সরাসরি মধ্যস্থতায় আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। চুক্তির গুরুত্বপূর্ণ অংশ ছিল গাজার নিরস্ত্রীকরণ, যাতে শেষ পর্যন্ত সায় দিয়েছে হামাস।

তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে চুক্তিটিকে স্বাগত জানানোর কয়েক ঘণ্টার মাথায় গাজার বিভিন্ন স্থান লক্ষ্য করে ফের বিমান হামলা চালায় ইসরায়েল।

স্থানীয় হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে, বিমান হামলার পরপরই আহতদের উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের কোনো খবর পাওয়া না গেলেও আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।