logo
Advertisement

এবার লাতিন আমেরিকার আরেক দেশে শক্তিশালী ভূমিকম্প

সিএনএন
সিএনএন
এবার লাতিন আমেরিকার আরেক দেশে শক্তিশালী ভূমিকম্প
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি গাড়ি। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার পর এবার লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে আঘাত হানা এই ভূকম্পনে দেশের প্রধান শহরগুলোতে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী বোগোটা থেকে প্রায় ২৮০ কিলোমিটার পশ্চিমে, চোকো বিভাগের সান হোসে দেল পালমারে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৭ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের তীব্রতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় চোকো এলাকা। চোকো বিভাগের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা কুরি নিশ্চিত করেছেন যে, আঞ্চলিক রাজধানী কুইবদো-তে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং একাধিক ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে।

একইসঙ্গে তিনি সম্ভাব্য আফটারশক (পরবর্তী কম্পন) নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রচারিত ফুটেজে ধসে পড়া ভবনের অবশিষ্টাংশ ফুটপাতে পড়ে থাকতে এবং আতঙ্কে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা গেছে।

এদিকে দেশটির রাজধানী বোগোটাতেও কম্পনটি অত্যন্ত তীব্রভাবে অনুভূত হয়। জরুরি সতর্কবার্তা বাজানোর পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বহুতল ভবনগুলো থেকে বাসিন্দাদের দ্রুত রাস্তায় বের করে আনা হয়।

বোগোটার মেয়র কার্লোস গালান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, তাৎক্ষণিকভাবে রাজধানীতে কোনো হতাহত বা বড় ধরনের কাঠামোগত ধ্বংসের খবর পাওয়া না গেলেও বেশকিছু ভবনে ফাটল দেখা গেছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন উদ্ধার ও নজরদারি তৎপরতা বৃদ্ধি করেছে।