logo
Advertisement

নিষেধাজ্ঞায় তিন ক্লাব, আবারও সময় বাড়াল বাফুফে

নিষেধাজ্ঞায় তিন ক্লাব, আবারও সময় বাড়াল বাফুফে
বাফুফে ভবন। ছবি: সংগৃহীত

ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণ এবং ফিফার খেলোয়াড় নিবন্ধন নিষেধাজ্ঞা কাটাতে আরও সময় পেল বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী ও ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাব। তিন ক্লাবকে আগামী ১৭ আগস্টের মধ্যে লাইসেন্সিং কার্যক্রম শেষ করতে বলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

একই সঙ্গে নতুন মৌসুমের খেলোয়াড় নিবন্ধনের সময়ও বাড়ানো হয়েছে। বাংলাদেশ ফুটবল লিগে অংশ নেওয়া ক্লাবগুলো আগামী ১৯ আগস্ট পর্যন্ত খেলোয়াড় নিবন্ধন করতে পারবে।

২০২৬-২৭ মৌসুমের ক্লাব লাইসেন্সিংয়ের প্রাথমিক সময়সীমা ছিল ৪ আগস্ট। পরে তা প্রথমে ৭ আগস্ট এবং এরপর ১১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। বৃহস্পতিবার নতুন করে ১৭ আগস্ট পর্যন্ত সময় দেওয়ায় এ নিয়ে চতুর্থ দফায় সময়সীমা নির্ধারণ করল বাফুফে।

খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন ছিল বৃহস্পতিবার। তবে ফিফার নিষেধাজ্ঞা বহাল থাকায় বসুন্ধরা কিংস, আবাহনী ও ফকিরেরপুল নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারেনি। তিন ক্লাবের জটিলতার কারণেই শেষ পর্যন্ত নিবন্ধনের সময় বাড়াতে হয়েছে বাফুফেকে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ আগস্টের মধ্যে চুক্তিবদ্ধ খেলোয়াড়েরা বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপের প্রথম দুই রাউন্ডে অংশ নিতে পারবেন। আর ৩ সেপ্টেম্বরের মধ্যে চুক্তিবদ্ধ খেলোয়াড়েরা লিগ ও ফেডারেশন কাপের পরবর্তী ম্যাচগুলোতে খেলার সুযোগ পাবেন।

তিন ক্লাবের মধ্যে সবচেয়ে জটিল অবস্থায় আছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ক্লাবটির বিরুদ্ধে ফিফার ১৪টি খেলোয়াড় নিবন্ধন নিষেধাজ্ঞা রয়েছে।

আবাহনীর বিরুদ্ধে তিনটি নিষেধাজ্ঞা থাকলেও এরই মধ্যে দুটি প্রত্যাহার হয়েছে। এখনো একটি নিষেধাজ্ঞা বহাল রয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটির ওপর। অন্যদিকে ফকিরেরপুল ইয়ংমেনসের বিরুদ্ধে রয়েছে দুটি নিষেধাজ্ঞা।