পাকিস্তানের কাছে হেরে শঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন

গত আসরে পঞ্চম হয়ে যুব হকি বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এবারও সুযোগ আছে, তবে পথটা কঠিন হয়ে গেছে। পাকিস্তানের কাছে হারের পর টানা দ্বিতীয়বার বিশ্বকাপে যেতে এখন শক্তিশালী জাপানকে হারাতেই হবে বাংলাদেশের যুবাদের।
বুধবার চীনে ছেলেদের জুনিয়র এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৩–০ গোলে হেরেছে বাংলাদেশ। চার ম্যাচে তিন হারে পাঁচ দলের গ্রুপে চতুর্থ হয়েছে দলটি। শুক্রবার পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান।
পাকিস্তানের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। নবম মিনিটে ওয়ালিদ রানা এগিয়ে নেন পাকিস্তানকে। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি। ৫২তম মিনিটে গোলাম মোস্তফা তৃতীয় গোল করে পাকিস্তানের জয় নিশ্চিত করেন।
এই হার বাংলাদেশের জন্য বেশি অস্বস্তির হয়ে উঠেছে পরের প্রতিপক্ষের কারণে। গ্রুপে তৃতীয় হতে পারলে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ চায়নিজ তাইপেকে পেত বাংলাদেশ। চতুর্থ হওয়ায় এখন জাপানের কঠিন পরীক্ষা দিতে হবে।
এবারের জুনিয়র এশিয়া কাপ থেকে শীর্ষ ছয় দল বিশ্বকাপে জায়গা পাবে। জাপানকে হারালে বাংলাদেশ উঠবে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে। সেই হিসাবে সেরা ছয়ে থাকা এবং বিশ্বকাপে খেলার যোগ্যতাও নিশ্চিত হবে। হারলে অবশ্য সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে নেমে যেতে হবে, শেষ হয়ে যাবে বিশ্বকাপে ওঠার সুযোগ।
গ্রুপ পর্বে চীনের কাছে ৩–২ ও মালয়েশিয়ার কাছে ৪–২ গোলে হেরেছিল বাংলাদেশ। এরপর কাজাখস্তানকে ৪–২ গোলে হারিয়ে আশা বাঁচিয়ে রাখে। তবে পাকিস্তানের বিপক্ষে সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি। এখন জাপানের বিপক্ষেই নির্ধারিত হবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য।


