logo
Advertisement

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্প্যানিশ তারকা নিকো

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্প্যানিশ তারকা নিকো
ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের অধরা স্বপ্ন বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখা। চারবার সুযোগ পেয়েও সেই স্বপ্ন পূরণ করতে পারেননি ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রতিবারই অশ্রুসজল চোখে বিদায় নিতে হয়েছে তাকে।

২০৩০ বিশ্বকাপে নেইমার খেলবেন কি না, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়েছে। শেষ পর্যন্ত যদি শতবর্ষী বিশ্বকাপে তাকে দেখা না যায়, তবে এই সোনালি ট্রফিটা হয়তো ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকারের ক্যারিয়ারের সবচেয়ে বড় আক্ষেপ হয়েই থাকবে।

নিজে বিশ্বচ্যাম্পিয়ন হতে না পারলেও নেইমারকে সেই সাফল্যের ‘স্বাদ’ এনে দিচ্ছেন স্প্যানিশ তরুণ উইঙ্গার নিকো উইলিয়ামস।

ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনের বিশ্বকাপ জয়ের পর সোনালি ট্রফিটি নেইমারকে উৎসর্গ করেছেন উইলিয়ামস। প্রিয় তারকা বিশ্বকাপ না পেলেও স্প্যানিশ তারকার এই অর্ঘ্য যেন নেইমারের জন্য কিছুটা হলেও সান্ত্বনা।

ছোটবেলা থেকেই নেইমারকে নিজের আদর্শ মানেন উইলিয়ামস। ফাইনাল শেষে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, আমি অত্যন্ত আনন্দিত। এটি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। নেইমার আমার আইডল। আশা করি, তিনি আমাদের ম্যাচটি দেখেছেন। এই শিরোপা তার জন্যও।

ট্রফি জয়ের রাতটা আরও স্মরণীয় করে রাখার সুযোগ এসেছিল উইলিয়ামসের সামনে। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার জালে বলও পাঠিয়েছিলেন তিনি। তবে আক্রমণের মুহূর্তে স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো আর্জেন্টিনার খেলোয়াড়কে ফাউল করায় ভিএআরে গোলটি বাতিল হয়। তবে দলের জয়ে ঠিকই ভূমিকা রেখেছেন উইলিয়ামস; তার চমৎকার অ্যাসিস্ট থেকেই ম্যাচের জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস।

বাতিল হওয়া গোল নিয়ে কোনো আফসোস নেই উইলিয়ামসের। তিনি মুচকি হেসে বলেন, গোল বাতিল হওয়ায় কোনো সমস্যা নেই, আসল কথা হলো—আমরা তো জিতেছি!