logo
Advertisement

তাপপ্রবাহে বিপর্যস্ত ইতালি, ১৫ শহরে সতর্কতা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজইতালি
তাপপ্রবাহে বিপর্যস্ত ইতালি, ১৫ শহরে সতর্কতা
ছবি: সংগৃহীত

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ। এর প্রভাবে ইতালির ১৫টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী কয়েক দিনে দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

উত্তর আফ্রিকা থেকে আসা উষ্ণ বায়ু ও শক্তিশালী উচ্চচাপ বলয়ের কারণে ইউরোপজুড়ে বেড়েছে তাপমাত্রা। এর সরাসরি প্রভাব পড়েছে ইতালিতে। রাজধানী রোম, মিলান, ফ্লোরেন্স, ভেনিসসহ ১৫টি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে মঙ্গলবার ও বুধবার গরমজনিত কারণে দেশটির বিভিন্ন এলাকায় চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গরমে ইতালিতে মৃত্যুর সংখ্যা ৫ জন।

ইতোমধ্যে ফ্লোরেন্সে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক দিনে তুসকানি, লাজিও, উমব্রিয়া ও সার্ডিনিয়া অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।

দিনের পাশাপাশি রাতেও থাকছে তীব্র গরম। অনেক এলাকায় রাতের তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামছে না।

এদিকে ফ্রান্সসহ ইউরোপের অন্যান্য দেশেও চলছে তীব্র তাপপ্রবাহ। স্বাস্থ্যঝুঁকি এড়াতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।