logo
Advertisement

শুদ্ধ চিন্তাধারার মানুষের হাতে ক্ষমতা নিতে হবে: চরমোনাই পীর

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
শুদ্ধ চিন্তাধারার মানুষের হাতে ক্ষমতা নিতে হবে: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের শপথগ্রহণ অনুষ্ঠানে কথা বলছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। শুক্রবার পুরানা পল্টনে দলের কার্যালয়ে। ছবি: সংগৃহীত

দেশের সর্বস্তরের ক্ষমতা পরিশুদ্ধ আত্মা ও শুদ্ধ চিন্তাধারার মানুষের হাতে নিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

শুক্রবার (৭ আগস্ট) সকালে পুরানা পল্টনে দলের কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের শপথগ্রহণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, দেশে বারবার রক্তক্ষয়ী আন্দোলন হচ্ছে। আমাদের বীর জনতা অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে বুকচিতিয়ে লড়াই করেছেন। কিন্তু প্রত্যাশিত মুক্তি, শান্তি ও সমৃদ্ধি আসেনি।

তার অভিযোগ, প্রতিটি পরিবর্তনের পর এমন লোকদের হাতে ক্ষমতা এসেছে, যারা আগের বন্দোবস্তে, আগের নিয়মে দেশ পরিচালনা করেছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পরও একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হয়েছে জানিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, আগামীতে এটা আর হতে দেওয়া হবে না। সেজন্য দেশের সর্বস্তরের ক্ষমতা পরিশুদ্ধ আত্মা ও শুদ্ধ চিন্তাধারার মানুষের হাতে নিতে হবে। তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণের তৃণমূলের প্রতিটি ক্ষমতার কেন্দ্র আপনাদের আয়ত্তে নিতে হবে। তাহলে এ দেশের মানুষের হাজার বছরের আকাঙ্ক্ষিত শান্তি ও মুক্তি নিশ্চিত হবে।

অনুষ্ঠানে বিশেষ নির্দেশনা দেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন সর্বাত্মক নির্বাচন করবে। সেজন্য প্রতিটি ওয়ার্ডে প্রস্তুতি নিতে হবে। সমাজের সঙ্গে মিশে যেতে হবে, মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্র হয়ে উঠতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।