আজানের সময় নারীদের মাথায় কাপড় দেওয়া কি জরুরি

আমাদের দেশের অনেক নারী আজানের সময় মাথায় কাপড় টেনে নেন বা মাথাকে ভালোভাবে ঢেকে নেন। প্রশ্ন হলো, আজানের সময় নারীদের মাথায় কাপড় দেওয়া কি জরুরি?
ইসলামি গবেষকদের মতে, ইসলামি শরিয়তে আজানের সময় মাথায় কাপড় দেওয়ার কোনো বিধান নেই। মাথায় কাপড় দেওয়া আজান-সংশ্লিষ্ট বিষয় নয়। নারীদের মাথায় সবসময় কাপড় থাকা উচিত। নারীদের জন্য গায়রে মাহরাম বা যাদের সঙ্গে দেখা করা জায়েজ নেই—তাদের সামনে মাথায় কাপড় দেওয়া বা মাথা ঢেকে রাখা জরুরি।
পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘হে নবী, তুমি তোমার স্ত্রীদের, তোমার মেয়েদের আর মুমিনদের নারীদের বলে দাও—তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের ওপর টেনে দেয় (যখন তারা বাড়ির বাইরে যায়), এতে তাদের চেনা সহজতর হবে এবং তাদের উত্যক্ত করা হবে না। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা আহজাব, আয়াত: ৫৯)। এই আয়াতে ‘জিলবাব’ শব্দ ব্যবহার করা হয়েছে। জিলবাব ওই চাদরকে বলা হয়, যা নারীরা নিজেদের মাথা থেকে পা পর্যন্ত ঢাকার জন্য ব্যবহার করেন।
ইসলাম পরপুরুষের সামনে মাথা ঢাকাসহ সম্পূর্ণ শরীর আবৃত করে পর্দা করার নির্দেশ দিয়েছে। আল্লাহ বলেন, ‘ইমানদার নারীদের বলে দাও, তাদের দৃষ্টি অবনমিত করতে আর তাদের লজ্জাস্থান সংরক্ষণ করতে। তাদের শোভা সৌন্দর্য প্রকাশ না করতে—যা এমনিতেই প্রকাশিত হয় তা ছাড়া। তাদের ঘাড় ও বুক যেন মাথার কাপড় দিয়ে ঢেকে দেয়।’ (সুরা নুর, আয়াত: ৩১)
আজান শুনে মাথায় কাপড় দেওয়াটা আমাদের দেশের অনেক মুসলিম নারীর চিরায়িত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তারা এটা দেন মূলত আজানের প্রতি সম্মান জানিয়ে। ইসলামকে জীবনে ধারণ করে। এটা ইমান ও আল্লাহভীতির পরিচায়কও। আল্লাহ বলেন, ‘কেউ আল্লাহর নামযুক্ত বস্তুসমূহের প্রতি সম্মান প্রদর্শন করলে তা তো তার হৃদয়ের আল্লাহভীতি প্রসূত।’ (সুরা নুর, আয়াত: ৩২)
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ইউটিউবে ‘আজানের সময় নারীদের মাথায় কাপড় দেওয়া বাধ্যতামূলক কি না’ এমন প্রশ্নের জবাবে বলেন, ‘নারীরা গায়রে মাহরাম বা যাদের সঙ্গে দেখা করা জায়েজ নেই, এমন পুরুষের সামনে মাথায় কাপড় দেবেন, নিজেদের সৌন্দর্য ঢেকে রাখবেন। অনেক সময় নারীরা বাসাবাড়ি থাকার সময় বা প্রয়োজনীয় কাজের সময় আজান দিলে সঙ্গে সঙ্গে মাথায় কাপড় দেন, এটা বাধ্যতামূলক নয়। আজানের সঙ্গে মাথায় কাপড় দেওয়ার সম্পর্ক নেই।’
তিনি আরও বলেন, ‘যাদের সঙ্গে দেখা করা ইসলামে নিষিদ্ধ, তাদের সামনে মাথা ঢেকে রাখতে হবে। তারা সামনে চলে আসলে মাথায় কাপড় দিতে হবে।’

