logo
Advertisement

মাদকবিরোধী মানববন্ধন শেষ হতেই স্কুলশিক্ষার্থীকে গুলি

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজকুমিল্লা
মাদকবিরোধী মানববন্ধন শেষ হতেই স্কুলশিক্ষার্থীকে গুলি
গুলিবিদ্ধ শিক্ষার্থী প্রেম। ছবি : সংগৃহীত

কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি শেষ হওয়ার পরপরই দুর্বৃত্তদের গুলিতে এক স্কুলশিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। ওই শিক্ষার্থী স্কুল ছুটির পর বাড়ি ফিরছিলেন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নগরীর কাঁটাবিল এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শিক্ষার্থীর নাম প্রেম (১২)। সে নগরীর কাঁটাবিল এলাকার বাসিন্দা ও কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সচেতন নাগরিকদের ব্যানারে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষ হওয়ার পর পাশ্ববর্তী স্কুলের ওই শিক্ষার্থী বাড়ি ফিরছিলেন। এ সময় প্রেমকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় শিক্ষার্থীকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এর আগে বুধবার (২৪ জুন) রাতে কাঁটাবিল-সংলগ্ন তেলিকোনা এলাকায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং ও মাদক কারবারিদের মহড়ার ঘটনা ঘটে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধনের ডাক দিয়েছিল স্থানীয়রা।

স্থানীয়রা জানান, কাঁটাবিল এলাকার মৃত শাহজাহানের ছেলে অপু (২৫) ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদকবিরোধী মানববন্ধনের আয়োজন করায় ক্ষিপ্ত হয়ে তারা এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, প্রকাশ্যে মাদক ব্যবসা ও অস্ত্রের মহড়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় সাধারণ মানুষ এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।