logo
Advertisement

নিখোঁজের ৪৪ ঘণ্টা পর ব্রহ্মপুত্রে ভেসে উঠল শিশুর মরদেহ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজকুড়িগ্রাম
নিখোঁজের ৪৪ ঘণ্টা পর ব্রহ্মপুত্রে ভেসে উঠল শিশুর মরদেহ
রাইসা মনি। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ হয় রাইসা মনি (৮) নামে এক শিশু। নিখোঁজের ৪৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে মরদেহ।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন নদের তীর থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

রাইসা মনি কাঁচকোল দক্ষিণ খামার এলাকার রাশেদুল ইসলামের মেয়ে এবং কাঁচকোল বাজার নবীজান নুরানী ও হাফিজিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) বিকেলে সমবয়সি শিশুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে রাইসা। একপর্যায়ে নদীর কিনারা থেকে কিছুটা দূরে চলে গেলে সে তলিয়ে যায়। সঙ্গে থাকা শিশুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা নদে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন।

খবর পেয়ে চিলমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরদিন সোমবার সকালে রংপুর থেকে একটি বিশেষ ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়। প্রায় ছয় ঘণ্টা তল্লাশি চালিয়েও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

প্রায় ৪৪ ঘণ্টা পর বুধবার দুপুরে কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের নদের তীরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে সেটি রাইসা মনির মরদেহ বলে শনাক্ত করা হয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সঙ্গে সমন্বয় করে উদ্ধারকাজে সহযোগিতা করেছেন।

এ বিষয়ে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে। মরদেহ উদ্ধারের বিষয়টি আমরা জেনেছি।