logo
Advertisement

রাজাপুরে ৫ মাদকসেবীর কারাদণ্ড

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজঝালকাঠি
রাজাপুরে ৫ মাদকসেবীর কারাদণ্ড
ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পৃথক দুটি স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে রাজাপুর উপজেলার পৃথক দুটি স্থানে মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বড় কৈবর্তখালী গ্রামের জয়রাম তেওয়ারির ছেলে সুজন তেওয়ারি (৪৫), বড় গালুয়া গ্রামের গনি হাওলাদারের ছেলে যুবলীগ নেতা মো. মিজানুর রহমান (৪২), পূর্ব ফুলহার গ্রামের মৌজে আলী হাওলাদারের ছেলে তুহিন (২২), বড় কৈবর্তখালী গ্রামের মৌজে আলী হাওলাদারের ছেলে মো. সাইফুল হাওলাদার (২৪) এবং মনোহরপুর গ্রামের মো. বাবুল হাওলাদারের ছেলে মো. রাব্বি (২০)।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, রাজাপুরকে মাদকমুক্ত রাখতে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হবে। মাদকবিরোধী এ কার্যক্রমে সাধারণ মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন।