logo
Advertisement

ফরিদপুরে ৪ লাখ টাকার স্কাফ সিরাপসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
ভাঙ্গা, ফরিদপুর
ফরিদপুরে ৪ লাখ টাকার স্কাফ সিরাপসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
ফরিদপুরের ভাঙ্গায় র‌্যাবের অভিযানে উদ্ধার করা ১৩৮ বোতল স্কাফ সিরাপ ও তিনটি মোবাইল ফোন। ছবি : এশিয়া পোস্ট

ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে ৪ লাখ ১৪ হাজার টাকা মূল্যের ১৩৮ বোতল অবৈধ স্কাফ সিরাপসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১০-এর মিডিয়া কর্মকর্তা ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার। এর আগে, সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে র‌্যাবের ‘জিরো টলারেন্স’ নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তাররা হলেন—মাগুরা সদর উপজেলার নান্দুয়ালী গ্রামের শুকুর আলীর ছেলে মো. মিন্টু আলী (৩৬) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের আলী হোসেনের মেয়ে মোছা. নুরজাহান বেগম (৪২)।

র‌্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের (সিপিসি-৩) একটি দল কাপুড়িয়া সদরদী এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুজনকে তল্লাশি করে ৪ লাখ ১৪ হাজার টাকা মূল্যের ১৩৮ বোতল স্কাফ সিরাপ ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব আরও দাবি করে, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের নানা প্রান্তে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

উদ্ধার করা আলামতসহ আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।