logo
Advertisement

লালমনিরহাটে মোবাইল নিয়ে দ্বন্দ্বে মাদ্রাসাছাত্র খুন

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজলালমনিরহাট
লালমনিরহাটে মোবাইল নিয়ে দ্বন্দ্বে মাদ্রাসাছাত্র খুন
লিয়াকত আলী লাদেন। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারীতে মোবাইল ফোন নিয়ে তর্কের জেরে ছুরিকাঘাতে লিয়াকত আলী লাদেন নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। সোমবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত লিয়াকত আলী লাদেন (১৬) উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাটারী গ্রামের আশরাফুল ইসলাম আশরাফের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রকি নামে একজনকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে আদিতমারী থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার সারপুকুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের জুয়েলের ছেলে রাব্বির সঙ্গে মোবাইল ফোন নিয়ে লাদেনের কথাকাটাকাটি হয়। স্থানীয়দের অভিযোগ, এই ঘটনার জের ধরে সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লাদেনকে একা পেয়ে রাব্বির বড় ভাই রকি পেছন থেকে এসে আকস্মিক ছুরিকাঘাত করে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন লাদেনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই কিশোরের মৃত্যু হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার পর থেকেই রকিসহ অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত কিশোরের বাবা রকিকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।

ওসি বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ ইতোমধ্যেই অভিযান শুরু করেছে।