logo
Advertisement

নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল নেতা গুলিবিদ্ধসহ আহত ১০

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজনরসিংদী
নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল নেতা গুলিবিদ্ধসহ আহত ১০
ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ। ছবি : এশিয়া পোস্ট

নরসিংদীর পলাশ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও গুলির ঘটনায় এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনাহাটা ফকিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন ছাত্রদল নেতা মাসুম মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফকিরবাড়ি এলাকার আওলাদ, মহসিন, সানি ও সবুজ মিয়ার সঙ্গে একই এলাকার মাসুম মিয়া, মামুন আহমেদ ও জয়নাল আবেদীনের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। শনিবার রাতে মাসুম, মামুন, জয়নালসহ কয়েকজন স্থানীয় একটি মুদি দোকানে অবস্থান করছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলার একপর্যায়ে ছাত্রদল নেতা মাসুম মিয়া গুলিবিদ্ধ হন। এ ছাড়া হামলা ঠেকাতে গেলে মামুন আহমেদ, জয়নাল আবেদীনসহ আরও কয়েকজনকে কুপিয়ে ও মারধর করে আহত করা হয়।

এদিকে স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, আধিপত্য বিস্তার নিয়ে হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।