logo
Advertisement

ঋণের টাকায় কেনা ইজিবাইক হারিয়ে দিশেহারা পরিবার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজঝিনাইদহ
ঋণের টাকায় কেনা ইজিবাইক হারিয়ে দিশেহারা পরিবার
ইজিবাইক হারিয়ে কান্নায় ভেঙে পড়ে সিয়াম। ছবি : এশিয়া পোস্ট

জ্যৈষ্ঠের তপ্ত দুপুর। ঝিনাইদহের কালীগঞ্জ শহরের জনতা মোড়ে মানুষের ব্যস্ত চলাচলের মধ্যেই কান্নায় ভেঙে পড়ে ১১ বছরের শিশু সিয়াম আহমেদ। তার আহাজারিতে থমকে দাঁড়ান পথচারীরা। পরে জানা যায়, প্রতারণার শিকার হয়ে বাবার একমাত্র উপার্জনের অবলম্বন ব্যাটারিচালিত ইজিবাইকটি হারিয়েছে সে।

সিয়াম ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই এলাকার জাকির হোসেন ও নাসরিন খাতুন দম্পতির বড় ছেলে। পরিবারের দাবি, জাকির হোসেন প্যারালাইসড ও দীর্ঘদিন ধরে অসুস্থ। বাবার চিকিৎসা ও সংসারের খরচ চালাতে স্কুল ছেড়ে প্রায় এক মাস ধরে ইজিবাইক চালাচ্ছিল সিয়াম।

শনিবার (২৩ মে) সকালে ঝিনাইদহ শহর থেকে দুই যাত্রীকে নিয়ে লাউদিয়া এলাকায় যায় সে। সেখানে পৌঁছে যাত্রীরা নলডাঙ্গা হয়ে লিচু কিনতে যাওয়ার কথা বলে। পরে কালীগঞ্জ শহরের জনতা মোড়ে এসে একজন যাত্রী নেমে যান। এ সময় সিয়াম পানি খেতে গেলে অপর ব্যক্তি ইজিবাইকটি পাশে রাখার কথা বলে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ পরিবারের।

কান্নাজড়িত কণ্ঠে সিয়াম বলে, বাবার চিকিৎসা আর সংসার চালানোর জন্য গাড়ি চালাই। প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা আয় হতো। এখন গাড়িটাই নেই। আমরা কীভাবে চলব জানি না।

ঋণ করে কেনা ইজিবাইকটি হারিয়ে দিশেহারা পরিবারটি। বাবার চিকিৎসা, সংসারের ব্যয় এবং ছোট ভাইয়ের খাবারের ব্যবস্থা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

ঘটনার পর থানায় অভিযোগ করতে গেলে সিয়ামকে জানানো হয়, সে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিভাবককে সঙ্গে নিয়ে লিখিত অভিযোগ দিতে হবে। পরে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী শিশুটিকে কিছু আর্থিক সহায়তা দেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ঘটনার বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এত কম বয়সে ইজিবাইক চালানো ঝুঁকিপূর্ণ।