logo
Advertisement

সেলাই মেশিন দেওয়ার নামে টাকা দাবি, মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজপঞ্চগড়
সেলাই মেশিন দেওয়ার নামে টাকা দাবি, মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল
পৌর মহিলা দলের নেত্রী নিশি আক্তার। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সরকারি সেলাই মেশিন পাইয়ে দেওয়ার কথা বলে টাকা দাবির অভিযোগ উঠেছে পৌর মহিলা দলের এক নেত্রীর বিরুদ্ধে। এ ঘটনার একটি অডিও রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত নিশি আক্তার পৌর মহিলা দলের সদস্য সচিব পদে দায়িত্ব পালন করছেন।

ভাইরাল হওয়া এক মিনিট ১৭ সেকেন্ডের অডিও কথোপকথনে এক নারীকে বলতে শোনা যায়, গতকাল যে বললা টাকার কথা, ওইখানে কি কিছু কমানো যাবে না? জবাবে মহিলা দল নেত্রী নিশি আক্তার বলেন, যত কম পারা যায় ততটুকুই আমি তোমার জন্য কমাব। এরপর ওই নারী বলেন, আমি তো টেনশনে আছি, কী করব বুঝতে পারছি না। তুমি তো ফরিদুল ভাইয়াকেও বলতে দিচ্ছ না। এ সময় নিশি আক্তার বলেন, এই যে তোমরা এক কান দুই কান করে কথাটা ভাসাইতেছ। বড়রা যেভাবে আমাদের বলছে, ওভাবেই তো আমরা করতেছি নাকি। যাক, তুমি বেশি কমাইও না, ছয় হাজারের মধ্যে দিও।

কথোপকথনের একপর্যায়ে ওই নারী বলেন, কী যে করব, টেনশনে আছি। আমাদের যদি এগুলো থাকত, তাহলে তো আর দৌড়াইতাম না। পরে নিশি আক্তারকে বলতে শোনা যায়, তোমার এসএসসি পাশের সার্টিফিকেট আছে? যদি থাকে তাহলে তোমাকে মাটি কাটার কাজের সুপারভাইজারের চাকরি নিয়ে দিব। তুমি শুধু আমার কথা মত চলবা। তোমার চাকরি নিয়ে দিব।

এ বিষয়ে অভিযুক্ত মহিলা দল নেত্রী নিশি আক্তারকে ফোন করলে তিনি বাসায় দেখা করতে বলেন।

দেবীগঞ্জ উপজেলা মহিলা দলের আহ্বায়ক লিপি আক্তার বলেন, অডিওটি আমিও শুনেছি। ভাইকে (প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ) পাঠানো হয়েছে। ভাই ব্যস্ত আছেন। এই বিষয়ে উনি সিদ্ধান্ত নেবেন।