logo
Advertisement

গাইবান্ধায় কিশোরকে চুবিয়ে হত্যা, অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজগাইবান্ধা
গাইবান্ধায় কিশোরকে চুবিয়ে হত্যা, অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর
রাহাত। ছবি: সংগৃহীত

গাইবান্ধায় পুকুরে গোসল করতে নেমে তর্কের জেরে রাহাত নামে এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বাড়িতে হামলা করে বাড়িঘর ভাঙচুর করেন নিহতের স্বজনরা। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত দুই কিশোরসহ তাদের পরিবারের লোকজন।

বুধবার (১৭ জুন) সকালে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণ সিংহা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এর আগে গতকাল মঙ্গলবার (১৬ জুন) বিকেলে এ হত্যার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করেন নিহতের স্বজনরা। ছবি: এশিয়া পোস্ট
অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করেন নিহতের স্বজনরা। ছবি: এশিয়া পোস্ট

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার (১৬ জুন) বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণ সিংহা গ্রামের হাওয়াই দিঘির মোড়ের বিশাল আকারের একটি দিঘিতে গোসল করতে নামে সাকিব (১৫), রিফাত (১৫) ও রাহাত (১৫) নামের স্থানীয় তিন কিশোর। গোসলে নেমে তাদের মধ্যে তর্কের একপর্যায়ে সাকিব ও রিফাত মিলে রাহাতকে পানিতে চুবাতে থাকে। এতে রাহাতের মৃত্যু হয়।

পরে অভিযুক্ত দুই কিশোর পালিয়ে যায় এবং স্থানীয়রা জীবিত ভেবে রাহাতকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের খবরে পুলিশ মরদেহ থানায় নেয়।

অভিযুক্ত দুই কিশোরের মধ্যে সাকিব একই এলাকার জবান আলীর ছেলে ও রিফাত সাইদুল ইসলামের ছেলে।

এ ঘটনার জেরে আজ সকাল ৮টার দিকে নিহত কিশোরের বিক্ষুব্ধ স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বিক্ষুব্ধরা বাড়িঘরের ভেতরে ঢুকে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে পুকুরে ফেলে দেয়। পরে আগুন দেওয়ার চেষ্টা করলে আশপাশের বাড়ির লোকজন ও স্থানীয়রা বাধা দেন।