logo
Advertisement

গ্যাস না পেয়ে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
সুনামগঞ্জ, সিলেট
গ্যাস না পেয়ে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ
সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ এলাকায় ফিলিং স্টেশনের সামনে গ্যাসের অপেক্ষায় সারিবদ্ধ সিএনজি অটোরিকশা। ছবি: এশিয়া পোস্ট

গাড়িতে সিএনজি গ্যাস না পেয়ে ক্ষুব্ধ হয়ে এক ঘণ্টা সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন যানবাহনের চালকেরা। পরে খবর পেয়ে ছাতক থানা-পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ এলাকার সুহিতপুরে ‘আলী সিএনজি ফিলিং স্টেশন’-এর সামনে এ সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয়রা জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ সন্ধ্যা ৬টার পর থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় লাইনে থাকা চালকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে অন্তত ৪ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, ফলে দুর্ভোগে পড়েন দূরপাল্লার ও স্থানীয় যাত্রীরা।

আলী সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার লুৎফুর রহমান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা সন্ধ্যা ৬টার পর গ্যাস সরবরাহ বন্ধ রেখেছিলাম। তবে লাইনে অপেক্ষমাণ অনেক চালক গ্যাস না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সড়কে অবরোধ সৃষ্টি করেন। পুলিশ এসে পরবর্তীতে পরিস্থিতি সামাল দেয়।

মাইক্রোবাস (লাইটেস) চালক ও শ্রমিক নেতা রজব আলী মোল্লা বলেন, সন্ধ্যা ৬টার পর গ্যাস সরবরাহ বন্ধের বিষয়টি অনেকে জানতেন, আবার অনেকে জানতেন না। সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পেয়ে চালকদের মনে ক্ষোভ তৈরি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে লাইনে থাকা গাড়িগুলোকে গ্যাস সরবরাহ করা হলে পরিস্থিতি শান্ত হয় এবং চালকেরা সড়ক ছেড়ে দেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, পূর্বঘোষণা অনুযায়ী সন্ধ্যা ৬টার পর সিএনজি পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় লাইনে থাকা চালকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ও চালকদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক ও পরিস্থিতি শান্ত রয়েছে।