logo
Advertisement

সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা আরেক মামলায় গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজমেহেরপুর
সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা আরেক মামলায় গ্রেপ্তার
সৈয়দা মোনালিসা ইসলাম। ছবি: সংগৃহীত

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলামকে ঢাকার নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে গত ৭ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার আসামি মোনালিসা ইসলামকে সিএমএম আদালতে হাজির করে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন জানান। আদালত শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেরপুরের ৮টি মামলা এবং ঢাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ১টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন মোনালিসা ইসলাম। জামিননামা কারাগারে পৌঁছানোর পর মুক্ত হওয়ার আগেই তাকে নতুন এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টার দিকে ঢাকার নিউ মার্কেটের ১ নম্বর গেটের সামনে আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। ওই ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

গত বছরের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাসা থেকে মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর তার বিরুদ্ধে চলমান মামলার সংখ্যা বেড়ে দাঁড়াল ১০টিতে।