logo
Advertisement

মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজচুয়াডাঙ্গা
মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু
হাসপাতালে শিশুর স্বজনদের আহাজারি। ছবি: এশিয়া পোস্ট

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে স্বর্ণা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার নানি সাজেদা খাতুন।

রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার চিৎলা দেশ ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে শিশু স্বর্ণাকে নিয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তার মা ও নানি। পরে ভ্যানে করে ফেরার পথে একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়।

এতে শিশু স্বর্ণা মায়ের কোল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তার নানি সাজেদা খাতুনও ভ্যান থেকে পড়ে আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক শিশু স্বর্ণাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবা উদ্দীন বলেন, এ ঘটনায় আইনি বিষয়টি প্রক্রিয়াধীন।