logo
Advertisement

জামাইয়ের কুড়ালের আঘাতে শাশুড়ি নিহত, আটক ৩

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
নেত্রকোনা, ময়মনসিংহ
জামাইয়ের কুড়ালের আঘাতে শাশুড়ি নিহত, আটক ৩
ছবি : সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে সাহেরা খাতুন (৬৫) নামের এক নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ে জামাতার বিরুদ্ধে। শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহেরা খাতুন ওই গ্রামের মোতালেবের স্ত্রী।

ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত জামাই সাহেদ বিশ্বাসকে (৪২) আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ সাহেদ বিশ্বাস, তার দ্বিতীয় স্ত্রী তাসলিমা আক্তার (২৭) ও সাহেদের মা শাহেরা খাতুনকে (৫৫) আটক করে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিয়ের পর থেকে সাহেদ বিশ্বাস শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। এরপর শাশুড়ি সাহেরা খাতুনের সঙ্গে জমি নিয়ে তার বিরোধ তৈরি হয়।

স্থানীয় সূত্রের ভাষ্য, শনিবার রাতে জমি নিয়ে সাহেদের সঙ্গে সাহেরা খাতুনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাহেদ ঘরে থাকা একটি কুড়াল দিয়ে সাহেরা খাতুনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।