logo
Advertisement

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীনসহ আহত অনেকে

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজহবিগঞ্জ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীনসহ আহত অনেকে
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে ‘জুলাই সমাবেশ’ শেষে সার্কিট হাউসে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হন।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় শহরের কোর্ট মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত 'জুলাই জাগরণ' কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে জেলার আজমিরীগঞ্জে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছকে নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেন।

পরবর্তী সময়ে বিকেল ৬টার দিকে হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে দ্বিতীয় সমাবেশ শেষে সার্কিট হাউসে ফেরার পথে কোর্ট মসজিদ এলাকায় এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের নেতাকর্মী ও উত্তেজিত জনতা হামলা চালায়। এ সময় আক্রমণ থেকে বাঁচতে সারজিস আলমসহ কয়েকজন দৌড়ে স্থানীয় সোনালী ব্যাংকের একটি শাখায় গিয়ে আশ্রয় নেন। পরে রাত ৮টার দিকে পুলিশ এসে তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। সে সময় বিক্ষুব্ধ লোকজন সার্কিট হাউস লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করে।

সার্কিট হাউসে সারজিস আলম অভিযোগ করে বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে এবং আহতদের হাসপাতালে যেতেও বাধা দিয়েছে।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে প্রশ্ন তুলে বলেন, তিনি ছাত্রলীগ-যুবলীগের মতো সন্ত্রাসী বাহিনী লালন করতে চান কি না?

তবে এই অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, শান্তিপ্রিয় হবিগঞ্জে উসকানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির দায় ছাত্রদল নেবে না। এনসিপির উসকানিমূলক বক্তব্যের জবাব দিয়েছে সাধারণ ও স্থানীয় জনতা।