logo
Advertisement

সিসিটিভি ক্যামেরার এলার্ম ধরিয়ে দিল চোর

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজসুনামগঞ্জ
সিসিটিভি ক্যামেরার এলার্ম ধরিয়ে দিল চোর
দোকানের তালা ভাঙার চেষ্টায় চোর চক্র। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

সুনামগঞ্জে স্বর্ণের দোকানে চুরি করতে গিয়ে সিসিটিভি ক্যামেরার এলার্মে ধরা পড়েছে চোর চক্রের সদস্য।

বুধবার (২৪ জুন) সকালে সুনামগঞ্জ শহরের কালীবাড়ি রোডের স্বর্ণপট্টিতে উষা জুয়েলার্সের একটি দোকানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, বুধবার ভোরে নরসিংদী এলাকার একটি চোর চক্র সেখানে হানা দেয়। চক্রের সদস্য ছিলেন পাঁচজন। একজনকে ভেতরে ঢুকিয়ে চারজন বাহিরে পাহারা দেন। যা দোকানের বাহিরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

চোর দোকানে ঢুকার পর মালিক শুভ বণিকের ফোনে সিসিটিভি ক্যামেরা থেকে এলার্ম বেজে ওঠে। তিনি সদর থানায় জানালে পুলিশ দোকানের ভেতর থেকে এক চোরকে আটক করে। আটককৃত চোর জানিয়েছেন তার নাম বিল্লাল।

কালীবাড়ি রোডের ও মন্দিরের পাশের উত্তম জলযোগের মালিক প্রদীপ পাল বলেন, দিনদুপুরে দলবেঁধে লুঙ্গি দিয়ে আড়াল করে দোকানের তালা ভাঙার ঘটনা আগে সুনামগঞ্জে ঘটেনি। ফেসবুকে দেখেছিলাম কিন্তু আজ বাস্তবেই দেখা গেল। শহরের ব্যস্ততম সড়কের পাশে কীভাবে এত সময়ে চোরেরা তালা ভেঙে দোকানে ঢুকে পড়ে। সিসিটিভি ক্যামেরার এলার্ম না বাজলে চোর নিরাপদে চলে যেত।

উষা জুয়েলার্সের মালিক শুভ বণিকের কাকা বিমল বণিক বলেন, পাশাপাশি দুটি দোকানের মধ্যে যেটিতে চোর ঢুকেছিল এটি রুপার। দোকানে ১০-১২ লাখ টাকার রুপার অলংকার ছিল। দোকানের সিসিটিভি ক্যামেরা থেকে ফোনে এলার্ম বেজে ওঠায় চোর শনাক্ত হয়। সঙ্গে সঙ্গে বিষয়টি আমরা থানায় জানাই। পুলিশ দোকানের ভেতর থেকে চোরকে আটক করেছে। সিসিটিভি ক্যামেরা থাকায় চোর ধরা পড়েছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, দোকান মালিকের সচেতনতায় সিসিটিভি ক্যামেরার এলার্মের কারণে চুরি রোধ হয়েছে এবং চোর ধরা পড়েছে। চোর চক্রের অন্য সদস্যদের চিহ্নিত করা হয়েছে এবং আটকের চেষ্টা চলছে। আটককৃত চোরের বিরুদ্ধ আইনি ব্যবস্থা নেওয়া হবে।