logo
Advertisement

কুমিল্লায় বাসের ধাক্কায় নারী নিহত

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজকুমিল্লা
কুমিল্লায় বাসের ধাক্কায় নারী নিহত
মানচিত্রে কুমিল্লা। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

কুমিল্লার চৌদ্দগ্রামে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রুজিনা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুজিনা বেগম (৩২) উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের নুরুল ইসলামের স্ত্রী, তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার মামাতো ভাই বেলাল হোসেন ইয়াছিন।

পরিবার সূত্রে জানা গেছে, রুজিনা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি প্রতিদিন ভোরে নিয়মিত হাঁটতেন। কয়েক দিন আগে তিনি চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর গ্রামে বাবা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে আসেন। সেখানেও প্রতিদিন ফজরের নামাজের পর হাঁটার অভ্যাস বজায় রাখেন।

শুক্রবার সকালে বাবার বাড়ি থেকে প্রবাসী ভাই মো. ওয়াসিমকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী জয়ন্তীনগর গ্রামে নানার বাড়ির উদ্দেশ্যে হেঁটে রওনা হন। পথে চৌদ্দগ্রাম বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রবিউল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটিকে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।