logo
Advertisement

সাতক্ষীরায় ঘেরে ডাকাতি, বাধা দেওয়ায় মালিককে কুপিয়ে জখম

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজসাতক্ষীরা
সাতক্ষীরায় ঘেরে ডাকাতি, বাধা দেওয়ায় মালিককে কুপিয়ে জখম
দেবহাটা থানা। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার দেবহাটায় মাছের ঘেরে ডাকাতির ঘটনা টেছে। এ সময় বাধা দেওয়ায় ঘেরের মালিক ইয়াদিন আলী মোল্যাকে কুপিয়ে জখম করা হয়। রোববার (৫ জুলাই) ভোরে পারুলিয়া ইউনিয়নের ঘুরনচন্ডি এলাকার এ ঘটনা ঘটে।

আহত ইয়াদিন আলী মোল্যা দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত সামসুদ্দিন মোল্যার ছেলে। এ ঘটনায় আহতর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

হামলার শিকার ইয়াদিন মোল্যা বলেন, প্রতিদিনের মতো তিনি নিজের ঘেরে পাহারায় ছিলেন। ভোর ৪টার দিকে সংঘবদ্ধ ডাকাতেরা ঘেরে নেমে মাছ নিতে থাকে। তিনি এগিয়ে গেলে তার ওপর হামলা করে। ডাকাতদের মধ্যে একজনকে চিনে ফেললে ইয়াদিন আলী মোল্যাকে দা দিয়ে কোপ মারে। এতে তিনি আহত হন। পরে তার চিৎকার শুনে পাশের ঘেরের লোকজন ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় মৎস্য খামারি খায়রুল ইসলাম, মাসুদ রানা, ওহিদুল ইসলামসহ কয়েকজন বলেন, গভীর রাত হলেই দেশীয় অস্ত্র নিয়ে ঘেরে প্রবেশ করে জোরপূর্বক মাছ লুট করা হয়। চোখের সামনে মাছ নিয়ে গেলেও অস্ত্রের মুখে কিছু করার থাকে না। দিনের পর দিন এভাবে চলছে। ঘেরে ডাকাতি ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।