logo
Advertisement

সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজসিরাজগঞ্জ
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
সাজাপ্রাপ্ত আসামিরা। ছবি: এশিয়া পোস্ট

সিরাজগঞ্জের রায়গঞ্জে তরিকুল ইসলাম হত্যা মামলায় ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসী এলাকার আব্দুল মান্নান ও হীরা মিয়া এবং সলঙ্গা থানার বোয়ালিয়ার চর এলাকার রফিকুল ইসলাম ও আব্দুল মজিদ। তবে দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে আব্দুল মজিদ ইতোমধ্যে মারা গেছেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ জানান, মামলায় অভিযুক্ত ১৪ জন আসামির মধ্যে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ১০ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস প্রদান করেছেন।

মামলার এজাহার ও বিবরণী থেকে জানা যায়, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে ২০০৯ সালের ৩০ আগস্ট সাখাওয়াত হোসেনের ছেলে তরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলা করেন। পরবর্তী সময়ে ২০১০ সালের ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।