logo
Advertisement

২০ বছর পর গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজবান্দরবান
২০ বছর পর গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি
গ্রেপ্তার উসিংনু মার্মা। ছবি: সংগৃহীত

বান্দরবানের চাঞ্চল্যকর এক হত্যা মামলায় মৃত্যুদণ্ড ও ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি উসিংনু মার্মাকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। প্রায় ২০ বছর আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৬ জুলাই) র‍্যাব-১৫-এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি আভিযানিক দল বান্দরবান সদর উপজেলার ‘ওয়াই জংশন’ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। উসিংনু মার্মা বান্দরবান সদর থানাধীন লুলাইন হেডম্যান পাড়ার রে অং মার্মার ছেলে।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, ২০০৭ সালে উসিংনু মার্মার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। একই মামলায় তাকে পৃথকভাবে আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদালতের সাজা এড়াতে উসিংনু মার্মা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন দুর্গম এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান শনাক্তের পর প্রায় দুই দশক পর তাকে আইনের আওতায় আনা হয়।

র‍্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক বলেন, অপরাধ দমন ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান নিয়মিত চলছে। এরই ধারাবাহিকতায় প্রায় দুই দশক ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।