logo
Advertisement

১০ টাকা নিয়ে বিরোধের জেরে ৯ বছরের শিশুকে হত্যার অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজফরিদপুর
১০ টাকা নিয়ে বিরোধের জেরে ৯ বছরের শিশুকে হত্যার অভিযোগ
মাহমুদা। ছবি: এশিয়া পোস্ট

ফরিদপুরের নগরকান্দায় রেললাইনের পাশ থেকে ৯ বছর বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে দুজনকে আটক করেছে পুলিশ।

গত শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের রেললাইনের পাশের পারিবারিক কবরস্থানের কাছ থেকে মাহমুদা নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের ইদ্রিস মোল্ল্যার মেয়ে এবং চার ভাই-বোনের মধ্যে সবার ছোট।

শিশুটির চাচা মিজানুর রহমান বলেন, শনিবার বিকেল ৫টার দিকে মাহমুদা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় বিষয়টি স্থানীয়দের জানানো হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাবলু শেখের সঙ্গে আমাদের টাকা-পয়সা নিয়ে বিরোধ চলছিল। সেই জের ধরেই আমার ভাতিজিকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় বাবলু শেখের মেয়ে ফাতেমা আক্তারকে আটকের সময় ধারণ করা ১ মিনিট ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে ফাতেমাকে বলতে শোনা যায়, ১০ টাকা নিয়ে বিরোধের জেরে তার ভাতিজি ইট দিয়ে মাথায় আঘাত করে ইদ্রিস মোল্ল্যার মেয়ে মাহমুদাকে (ভিডিওতে ভুলবশত জান্নাতি বলা হয়েছিল) মেরে ফেলেছে।

এ বিষয়ে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ আল ফাহাদ বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তথ্যে আভাস পাওয়া গেছে, অন্য একটি শিশুর সঙ্গে খেলতে গিয়ে আঘাতের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এর বাইরে অন্য কোনো কারণ বা অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।