বাবার জানাজায় আসার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

বাবার মৃত্যুর খবর শুনে জানাজায় অংশ নিতে মাগুরা থেকে কুষ্টিয়ার পথে রওনা হয়েছিলেন নূরে আলম জিকু (৩৫)। তবে বাবার জানাজায় আর যাওয়া হলো না তার। পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। একই মোটরসাইকেলে থাকা আকিদুল ইসলাম নামের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া স্বস্তিপুর বাজার ও চৌড়হাস হাইওয়ে থানার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূরে আলম জিকু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর এলাকার জামিন দোকানদারের ছেলে। ব্যবসায়িক কাজে তিনি মাগুরায় অবস্থান করছিলেন।
হাইওয়ে পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, বুধবার বাবার মৃত্যুর খবর পেয়ে রাত ৮টায় নির্ধারিত জানাজায় অংশ নিতে মোটরসাইকেলে মাগুরা থেকে কুষ্টিয়ায় ফিরছিলেন জিকু। পথিমধ্যে ভাদালিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা কোনো বাস বা ট্রাক তাদের মোটরসাইকেলটিকে প্রবল ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় পেছন থেকে আসা অপর একটি দ্রুতগামী যান জিকুর ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী আকিদুল ইসলাম গুরুতর আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
একই দিনে বাবা ও ছেলের আকস্মিক ও মর্মান্তিক প্রস্থানে নিহতের পরিবার, স্বজন ও পুরো লালনগর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন বলেন, ঘটনাস্থলে মৃত্যু হওয়ায় মরদেহটি সরাসরি মর্গে নেওয়া হয়েছে।
চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নূরে আলম জিকুর মৃত্যু হয়েছে। ঘাতক যানটি বাস নাকি ট্রাক, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


