logo
Advertisement

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স উল্টে রোগীসহ আহত ৫

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
শ্রীনগর, মুন্সীগঞ্জ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স উল্টে রোগীসহ আহত ৫
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উল্টে যাওয়া অ্যাম্বুলেন্স। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১০ মাস বয়সি এক রোগীসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মাওয়াগামী লেনে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন— ১০ মাস বয়সি রোগী মানহা, খুলনার জ্যোতি (২৮), লাকি আক্তার (৪৫), বাগেরহাটের অ্যাম্বুলেন্স চালক হিরা (৪০) এবং মশিউর রহমান (৪৫)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, রাত সাড়ে ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ -এর মাধ্যমে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। পরে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উল্টে যাওয়া অ্যাম্বুলেন্স থেকে আহত পাঁচজনকে উদ্ধার করে।

তিনি আরও জানান, বেপরোয়া গতির কারণে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়। উদ্ধার শেষে আহতদের চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি ঢাকা শিশু হাসপাতাল থেকে একজন রোগী নিয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল।