logo
Advertisement

নাশতা শেষে শিশুকে ফেলে চলে গেল বিদেশি পর্যটক পরিবার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজকুমিল্লা
নাশতা শেষে শিশুকে ফেলে চলে গেল বিদেশি পর্যটক পরিবার
শিশুটি একটি কাশ্মীরি পর্যটক পরিবারের সদস্য। ছবি : এশিয়া পোস্ট

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার একটি রেস্টুরেন্টে নাশতা শেষে ভুলবশত প্রায় দেড় থেকে দুই বছর বয়সি এক কন্যাসন্তানকে রেখে চলে গেছে একটি বিদেশি পর্যটক পরিবার। পরে পুলিশ ও রেস্টুরেন্ট কর্তৃপক্ষের তৎপরতায় সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, শিশুটি একটি কাশ্মীরি পর্যটক পরিবারের সদস্য।

শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে পদুয়ারবাজারের মোস্তফাপুর এলাকার ‘জাইতুন রেস্টুরেন্টে’ এই ব্যতিক্রমী ঘটনা ঘটে।

রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রায় ১৫ সদস্যের একটি বিদেশি পর্যটক দল দুটি গাড়িতে করে রেস্টুরেন্টে এসে নাশতা করেন। খাওয়ার সময় তারা গল্প-আড্ডায় ব্যস্ত ছিলেন। পরে তাড়াহুড়ো করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে যাওয়ার সময় ভুলক্রমে শিশুটিকে ভেতরেই রেখে যান তারা।

জাইতুন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন বলেন, নাশতা শেষে সবাই চলে যাওয়ার পর শিশুটিকে রেস্টুরেন্টে একা কাঁদতে ও ঘুরে বেড়াতে দেখে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিই। সে স্পষ্টভাবে কথা বলতে পারছিল না এবং নিজের পরিচয়ও জানাতে পারছিল না। পরে আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি সদর দক্ষিণ থানা-পুলিশকে অবহিত করি।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শিশুটি কাশ্মীরি পর্যটক পরিবারের সদস্য। তারা ফেরার পথে ভুলবশত শিশুটিকে রেস্টুরেন্টে রেখে চলে গিয়েছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।