logo
Advertisement

চট্টগ্রামে অটোরিকশার ওয়ার্কশপের আড়ালে তৈরি হচ্ছিল পেনগান

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
হাটহাজারী, চট্টগ্রাম
চট্টগ্রামে অটোরিকশার ওয়ার্কশপের আড়ালে তৈরি হচ্ছিল পেনগান
হাটহাজারীর গোপন অস্ত্র কারখানা থেকে উদ্ধার হওয়া পেনগান ও অন্যান্য অস্ত্রের সামনে দাঁড়িয়ে গণমাধ্যমকর্মীদের তথ্য দিচ্ছেন পুলিশ কর্মকর্তারা। ছবি : এশিয়া পোস্ট

চট্টগ্রামের হাটহাজারীতে একটি সিএনজি অটোরিকশা ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে চলা অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ওই কারখানায় পেনগানও তৈরি করা হতো। অভিযানে একটি দেশীয় তৈরি অত্যাধুনিক পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ২টায় অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে আসামিদের কাছ থেকে ১টি অত্যাধুনিক পেনগান, ৪টি দেশীয় পিস্তল, ১৮টি পেনগানের গুলি ও ২ রাউন্ড পিস্তলের বুলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ কলোনি এলাকার মো. জামাল হোসেন ওরফে জামাল মিস্ত্রি (৪৪) ও মো. কবির (৪৭)।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্র তৈরি ও সরবরাহকারী চক্রটির ওপর নজরদারি শুরু করে হাটহাজারী থানা-পুলিশ।

পুলিশ সুপার মাসুদ আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, হাটহাজারীর সরকারহাট বাজারে অবস্থিত ‘ওসমান সিএনজি অটোরিকশা ওয়ার্কশপ’-এর ভেতরের গোপন আস্তানায় এসব দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করা হতো। কারখানাটি বাইরে অটোরিকশা মেরামতের প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হলেও মূলত এটি ছিল অবৈধ অস্ত্র তৈরির কেন্দ্র। তৈরি করা অস্ত্রগুলো পরবর্তীতে বিভিন্ন সন্ত্রাসী চক্রের কাছে বিক্রি করা হতো।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত সরকারহাট বাজারের ওই ওয়ার্কশপে দ্বিতীয় দফায় তল্লাশি চালায়। সেখান থেকে অস্ত্র তৈরির বিভিন্ন কাঁচামাল, আলামত ও সরঞ্জাম জব্দ করা হয়।

হাটহাজারী থানা-পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ওয়ার্কশপ মালিক পলাতক ওসমানসহ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।