logo
Advertisement

চুয়াডাঙ্গা সীমান্তে প্রায় ২ কোটি টাকার স্বর্ণের বার জব্দ, আটক ১

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজচুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা সীমান্তে প্রায় ২ কোটি টাকার স্বর্ণের বার জব্দ, আটক ১
চুয়াডাঙ্গা সীমান্তে প্রায় ২ কোটি টাকার স্বর্ণের বার জব্দ। আটক স্বর্ণ পাচারকারী মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী মুন্সীপুর গ্রাম থেকে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা মূল্যের আটটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় মিজানুর রহমান (৬১) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি ব্যাটালিয়ন।

বুধবার (১৫ ‍জুলাই) বেলা ১১টা ৪০ মিনিটে মুন্সীপুর বিওপির সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক মিজানুর রহমান দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মরহুম সোলেমান মোল্লার ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, মুন্সীপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হতে পারে, গোপনে এ তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে মুন্সীপুর বিওপিকে সতর্ক করে একটি বিশেষ টহলদল মোতায়েন করা হয়। আনুমানিক বেলা ১১টা ৪০ মিনিটে কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলযোগে মুন্সীপুর বিওপির সামনের সড়কে পৌঁছায় সন্দেহভাজন মিজানুর রহমান। তখন তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে তার কোমরের লুঙ্গির ভাঁজে স্বর্ণ বহনের কথা স্বীকার করে। পরে তার দেহ তল্লাশি করে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে আটটি অবৈধ স্বর্ণের বার, একটি বাটন মোবাইল ফোন এবং একটি ডায়াং ৫০ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

নাজমুল হাসান জানান, জব্দ হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

মিজানুর রহমান, জব্দ করা বাটন মোবাইল ফোন ও মোটরসাইকেলটি দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান নাজমুল হাসান।