logo
Advertisement

মেয়ের বাল্যবিয়ে দিয়ে জেলে গেলেন বাবা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
কেরানীগঞ্জ, ঢাকা
মেয়ের বাল্যবিয়ে দিয়ে জেলে গেলেন বাবা
মেয়ের বাবা ও আরও দুজনকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ঢাকার কেরানীগঞ্জ উপজেলায়। ছবি: এশিয়া পোস্ট

ঢাকার কেরানীগঞ্জে বাল্যবিয়ের অপরাধে মেয়ের বাবা, বর ও ঘটককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় মেয়ের বোনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকালে (৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে শাক্তা ইউনিয়নের রামেরকান্দা গ্রামে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বরকে এক মাসের কারাদণ্ড এবং মেয়ের বাবা ও ঘটককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মেয়ের বোনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী–বিয়ে করার জন্য পুরুষের ক্ষেত্রে ২১ বছর পূর্ণ না হলে অপ্রাপ্ত বয়স্ক এবং মেয়েদের ক্ষেত্রে ১৮ পূর্ণ না হলে অপ্রাপ্ত বয়স্ক হিসেবে বিবেচনার বিধান রয়েছে। অপ্রাপ্ত বয়সে বিয়ে করা মানে বাল্যবিয়ে। যা দণ্ডনীয় অপরাধ।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক বলেন, বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাল্যবিয়ে আয়োজন ও সহযোগিতার দায়ে মেয়ের বাবা, বর ও ঘটককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কাজীকেও আটকের চেষ্টা চলছে।