logo
Advertisement

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজখাগড়াছড়ি
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎ সরবরাহ লাইন। ছবি : সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও সঞ্চালন লাইনের দুই পাশের গাছপালার ডালপালা কাটার কাজের জন্য আজ খাগড়াছড়ি পৌর সদরসহ আশপাশের এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পাশাপাশি সর্বসাধারণের অবগতির জন্য পৌর সদরে মাইকিংয়ের মাধ্যমেও বিষয়টি প্রচার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৭ জুন) সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিভাগ জানায়, চলমান বর্ষা মৌসুমে খাগড়াছড়ি ১৩২/৩৩ কেভি ঠাকুরছড়া গ্রিড উপকেন্দ্র হতে খাগড়াছড়ি ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত ৩৩ কেভি লাইনের উভয় পাশে ক্রমবর্ধমান গাছের ডালপালা কাটা হবে। একই সঙ্গে ৩৩ কেভি লাইনের প্রয়োজনীয় মেরামত ও বিতরণ ট্রান্সফরমার সংরক্ষণ কাজ সম্পাদনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের পর কাজ শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে জানিয়ে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে খাগড়াছড়ি বিদ্যুৎ বিভাগ।