জামিনে মুক্তির পরদিন ১১ বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ
-1ca0d4-720x405.webp)
নড়াইলের লোহাগড়ায় পুলিশের ওপর হামলার মামলায় আদালত থেকে জামিনে মুক্ত পেয়েই ১১টি বসতবাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে একটি চিহ্নিত মাদক কারবারি চক্রের বিরুদ্ধে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানারচর গ্রামে এ তাণ্ডবের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট লাহুড়িয়া বাজারে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হন লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) খোকন হাওলাদার। ওই ঘটনায় লোহাগড়া থানায় দায়ের করা মামলার অন্যতম আসামি সোহাগ মোল্যা মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জামিনে মুক্তি পান। কারামুক্তির পরদিনই বুধবার সকাল ৭টার দিকে নেপুর মোল্যার নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে ছায়মানারচর গ্রামে চড়াও হয়। হামলাকারীরা স্থানীয় ইউপি সদস্য মুসা মোল্যা, রাশেদ খান, আজিবার শেখ, হারুন মোল্যা ও জিয়াউর রহমানসহ অন্তত ১১টি বসতবাড়িতে তাণ্ডব চালায়।
ভুক্তভোগীদের দাবি, ঘরের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, গ্রামে মাদকের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেওয়ার কারণেই তাদের ওপর এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে।
লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) খোকন হাওলাদার জানান, তাণ্ডবে জড়িতরা পুলিশের ওপর হামলার মামলার আসামি ও চিহ্নিত মাদক কারবারি। মাদকবিরোধী অবস্থানের কারণেই এই হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


