অবহেলার কারণে আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে অবহেলার কারণে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
বুধবার (২৭ মে) কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাদের অবহেলার কারণে ছয়টা প্রাণ ঝরে গেছে। হাসপাতালে এসি বন্ধ থাকার কারণে অক্সিজেনের অভাব পড়ে। সাফোকেশনও হয়েছে।
এ ঘটনায় শাস্তি নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের ডিজি, এডিজি (স্বাস্থ্য অধিদপ্তর) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার ভোরের দিকে হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছয় শিশুর মৃত্যু হয়। ঘটনা তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের কমিটি গঠন করেছে। ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত ও অস্বাভাবিক’ হিসেবে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস।
শিশু মৃত্যুর ঘটনায় অবহেলাজনিত অভিযোগ এনে বুধবার রাতে রমনা থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে। এক শিশুর স্বজন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে আসামি করে অভিযোগপত্র জমা দেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) জাহিদুল ইসলাম জানান, মৃত ছয় নবজাতকের মধ্যে একজনের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। মামলায় অবহেলাজনিত কারণে শিশুর মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।


