logo
Advertisement

লালমনিরহাটে কৃষক দল নেতার বিরুদ্ধে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
কালীগঞ্জ, লালমনিরহাট
লালমনিরহাটে কৃষক দল নেতার বিরুদ্ধে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ
প্রবাসীর বাড়িতে হামলা চালানো কৃষক দল নেতা শাহ আলম। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জে ওমান প্রবাসীর স্ত্রীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন কৃষক দলের এক নেতার বিরুদ্ধে। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নেতার নাম শাহ আলম। তিনি চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুহুলী গ্রামের ওমানপ্রবাসী মান্নানের পরিবারের সঙ্গে শাহ আলমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার দুপুরে শাহ আলম ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ সময় ভাঙচুরে বাধা দিলে প্রবাসীর স্ত্রী রোজিনা বেগমকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

অভিযোগের বিষয়ে জানতে শাহ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে মোবাইল ফোনে ও তার বাড়িতে পাওয়া যায়নি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক এশিয়া পোস্টকে জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।