logo
Advertisement

সিলেটে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজসিলেট
সিলেটে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন
গোয়াইনঘাট থানা। ছবি : এশিয়া পোস্ট

সিলেটের গোয়াইনঘাটে ভাতিজার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে থানায় বিচার চাওয়ায় ক্ষিপ্ত হয়ে ছোট ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

শনিবার (১৫ আগস্ট) উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট গ্রামের পূর্ব দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম কলিম উল্লাহ (৫৫)। অভিযুক্ত হামলাকারী সাইফুল্লাহ (৬০) তার আপন বড় ভাই। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল্লাহর ছেলে আমির উদ্দিনকে (২৭) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার বিকেলে কলিম উল্লাহর মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে তার আপন চাচাতো ভাই জুবের আহমদের (১৮) বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্য গত বুধবার সালিশ বৈঠক বসলেও কোনো সুরাহা হয়নি। এরই মধ্যে জুবেরের বাবা সাইফুল্লাহ পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় গোপনে ছেলের বিয়ে ঠিক করেন এবং গত শুক্রবার রাতেই জুবেরের বিয়ে সম্পন্ন হয়।

সালিশে ন্যায়বিচার না পেয়ে ভুক্তভোগী বাবা কলিম উল্লাহ গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার পুলিশ ঘটনাস্থলে তদন্তে যায়। পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতেই দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাইফুল্লাহ ক্ষিপ্ত হয়ে দা দিয়ে ছোট ভাই কলিম উল্লাহর গলায় সজোরে কোপ দেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, এ ঘটনায় জড়িত অভিযোগে আমির উদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত সাইফুল্লাহসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।