logo
Advertisement

স্কুলছাত্রীসহ দুজনকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতা গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজগোপালগঞ্জ
স্কুলছাত্রীসহ দুজনকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার বিএনপি নেতা ও নির্যাতনের চিত্র। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার উদয়ন বিদ্যাপীঠ উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক স্কুলছাত্রী ও এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় নয়ন গোলদার নামে সাবেক এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নয়ন গোলদার কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় গ্রামের নীরোদ গোলদারের ছেলে। তিনি হাতিয়াড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং ভুক্তভোগী স্কুলছাত্রীর বিষপানের ঘটনার পর এটাই মামলার প্রথম গ্রেপ্তার।

পুলিশ জানায়, গত ২৮ জুলাই উপজেলার রাহুথড় উদয়ন বিদ্যাপীঠ উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রেমের সম্পর্কের অভিযোগ তুলে এক অষ্টম শ্রেণির স্কুলছাত্রী ও এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়।

ঘটনার পর অপমান ও মানসিক আঘাত সহ্য করতে না পেরে ওই স্কুলছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা শেষে সে বাড়ি ফিরে আসে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়ন গোলদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার কার্যক্রমও প্রক্রিয়াধীন।