logo
Advertisement

মাটির নিচ থেকে আসা ‘অদ্ভুত শব্দ’ ঘিরে রহস্য

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
মাটির নিচ থেকে আসা ‘অদ্ভুত শব্দ’ ঘিরে রহস্য

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালীয়াতলী ইউনিয়নের বড় পাড়া গ্রামে মাটির নিচ থেকে ভেসে আসা অস্বাভাবিক শব্দ ঘিরে সৃষ্টি হয়েছে কৌতূহল। কয়েক দিন ধরে চলমান এই রহস্যজনক ঘটনার কারণে স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা দেখা দিয়েছে।

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে নিজ জমিতে গরু নিয়ে গিয়ে স্থানীয় কৃষক আশোক আলী মৃধা প্রথম এই শব্দ শুনতে পান। 

তিনি জানান, শুরুতে বিষয়টি বিশ্বাস করতে না পেরে কাছে গিয়ে নিশ্চিত হন—শব্দটি মাটির নিচ থেকেই আসছে। পরে তিনি বিষয়টি জানালে আশপাশের লোকজন ছুটে আসেন।

ঘটনাটি জানাজানি হলে এলাকার উৎসুক মানুষ মাঠে ভিড় করতে থাকেন। কেউ কোদাল দিয়ে মাটি খুঁড়ে উৎস খোঁজার চেষ্টা করেন, আবার কেউ গর্তের মাটি ও পানি পরীক্ষা করে দেখেন।

আবদুর রশিদ মৃধা বলেন, মাটি কাটার সময় হঠাৎ নিচ থেকে বিকট শব্দ বের হতে শুরু করলে আমরা ভয় পেয়ে যাই। কিছুদিন পর সেই জায়গায় পানি জমে গেলে শব্দ বন্ধ হয়ে অন্য জায়গায় শুরু হয়।

আরেক বাসিন্দা নওয়াব আলী জানান, গত কয়েক দিন ধরে এমন অস্বাভাবিক শব্দে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। পরিস্থিতি উদ্বেগজনক মনে হওয়ায় তিনি পুলিশের জরুরি সেবা নম্বরে যোগাযোগ করেন এবং দ্রুত বিষয়টি তদন্তের দাবি জানান।

স্থানীয়দের মধ্যে অনেকে ধারণা করছেন, মাটির নিচে প্রাকৃতিক গ্যাস বা খনিজ সম্পদের অস্তিত্ব থাকতে পারে। তবে এ বিষয়ে ভিন্নমত দিয়েছেন পটুয়াখালী সরকারি কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রভাষক আল-আমিন গাজি।

তিনি বলেন, সাধারণত মাটির ওপরের স্তরে প্রাকৃতিক গ্যাস থাকার সম্ভাবনা খুবই কম। তবে এটি মিথেন গ্যাসের উপস্থিতির কারণেও হতে পারে। বিষয়টি নিশ্চিত হতে বৈজ্ঞানিক পরীক্ষা প্রয়োজন।

কলাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসিন সাদিক জানান, স্থানীয়দের উদ্বেগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মাধ্যমে তদন্ত বা সার্ভে পরিচালনা করা হতে পারে।