logo
Advertisement

টঙ্গিবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজমুন্সীগঞ্জ
টঙ্গিবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জুন) জারি করা এ নির্দেশনা গতকাল বুধবার (২৪ জুন) অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তের আলোকে নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের প্রতি আসক্তি দিনদিন বৃদ্ধি পাচ্ছে, যা তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এ অবস্থা থেকে উত্তরণ, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি এবং একটি সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে তার অভিভাবককে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার স্বাক্ষরিত এ নির্দেশনার অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং প্রযুক্তির অপব্যবহার রোধে উপজেলা প্রশাসনের এ সিদ্ধান্তকে অনেকেই সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।