logo
Advertisement

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজনীলফামারী
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন
ববিতা রানী। ছবি: এশিয়া পোস্ট

নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দাউদ এলাকায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন ববিতা রানী নামে এক তরুণী।

শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে তিনি প্রেমিক পিযুষের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন। ববিতা রানী দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, পিযুষের সঙ্গে ববিতা রানীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এ সময় বিয়ের আশ্বাস দিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি করেন তরুণী। তবে সম্প্রতি পিযুষ বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপর বিয়ের দাবিতে তিনি সরাসরি প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেন এবং অনশন শুরু করেন।

ববিতা রানী অভিযোগ করেন, পিযুষ তাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক বজায় রেখেছেন। এখন সেই প্রতিশ্রুতি থেকে সরে যাওয়ায় তিনি ন্যায়বিচারের দাবিতে অনশনে বসতে বাধ্য হয়েছেন। বিয়ে না হওয়া পর্যন্ত তিনি বাড়ি ফিরবেন না বলেও জানান।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক মানুষ পিযুষের বাড়ির সামনে ভিড় করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত পিযুষের বক্তব্য পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরাও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ববিতা রানী প্রেমিকের বাড়িতেই অনশন চালিয়ে যাচ্ছিলেন।