আইসিইউতে মা, চিন্ময় কৃষ্ণের প্যারোল আবেদনে কর্তৃপক্ষের ‘না’

আইসিইউতে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ মাকে দেখার জন্য সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পরিবারের পক্ষ থেকে সাময়িক মুক্তির (প্যারোল) আবেদন করা হলেও তা নাকচ করে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। অসুস্থতার কারণে প্যারোল দেওয়ার কোনো আইনি সুযোগ নেই বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) চিন্ময় কৃষ্ণ দাসের বড় ভাই রঞ্জন কুমার ধর চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে এই আবেদনের লিখিত চিঠি জমা দেন। পদাধিকারবলে জেলা প্রশাসক চট্টগ্রাম কারা ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক জানান, নিকটাত্মীয়ের মৃত্যুতে শেষ বিদায় জানানো বা ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ ১২ ঘণ্টার প্যারোলের বিধান থাকলেও অসুস্থ স্বজনকে দেখার জন্য আইনে এমন কোনো সুযোগ নেই। বিষয়টি পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রাণী ধর (৭১) হৃদরোগ, ফুসফুসে সংক্রমণসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত। গত প্রায় এক মাস ধরে তিনি চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। পরদিন চট্টগ্রাম আদালতে তোলা হলে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ওই দিন আদালত প্রাঙ্গণে অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।
আইনজীবী হত্যাসহ তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে; যার মধ্যে পাঁচটিতে তিনি উচ্চ আদালত থেকে জামিন পেলেও আইনজীবী হত্যা মামলাটির বিচারপ্রক্রিয়া চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলমান।


