logo
Advertisement

চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নারী নিখোঁজ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজরাজবাড়ী
চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নারী নিখোঁজ
ছবি : এশিয়া পোস্ট

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে এক নারী নিখোঁজ হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাটুরিয়া থেকে দৌলতদিয়াগামী ‘ফেরি কুমিল্লা’ মাঝনদীতে পৌঁছালে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই নিখোঁজ নারীকে উদ্ধারে অভিযান শুরু করেছে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার হওয়া সম্ভব না হওয়ায় তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয়ও শনাক্ত করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফেরির মেরিন অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরি কুমিল্লা মাঝনদীতে পৌঁছালে হঠাৎ এক নারী পদ্মায় ঝাঁপ দেন। বিষয়টি টের পাওয়ার পরপরই নৌপুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং উদ্ধার অভিযান শুরু করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেরি কুমিল্লা থেকে এক নারী পদ্মায় ঝাঁপ দেন। খবর পেয়েই উদ্ধার কাজ শুরু করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার কোনো হদিস মেলেনি এবং পরিচয়ও জানা সম্ভব হয়নি।

দৌলতদিয়া নৌ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, খবর পেয়েই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে নদীতে প্রচণ্ড স্রোত এবং রাতের অন্ধকারের কারণে উদ্ধার তৎপরতা কিছুটা ব্যাহত হচ্ছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ নারীকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।